মোঃ সোহেল রানা, স্টাফ রিপোটার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে নজরদারি ও টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।
উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে তৎপর রয়েছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন এবং তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তাঁরা নিয়মিত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং আয়োজক কমিটির সঙ্গে সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করছেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে বিভিন্ন বিভাগের গোয়েন্দা সংস্থা। মণ্ডপ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালীন উপজেলার প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
পূজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, “বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ। এখানে উৎসবমুখর পরিবেশে সবাই নিজ নিজ ধর্ম পালন করে থাকে। প্রশাসনের সহযোগিতায় এবারও অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে তারাগঞ্জে ৬৫দুর্গাপূজা উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য করুন