শরীয়তপুর শহরের একটি সরকারি জমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) রাতে শহরের দুবাই প্লাজার সামনের এলাকায় অভিযান চালিয়ে টিনশেড নির্মাণটি অপসারণ করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহির নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানের সময় স্থাপনাটি ভেঙে ফেলার পাশাপাশি সেখানে থাকা টিন, কাঠ ও অন্যান্য নির্মাণসামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী কয়েক দিন আগে সরকারি জায়গা দখল করে সেখানে টিনশেড স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসন তাকে গত ৩০ জুনের মধ্যে অবৈধ স্থাপনাটি অপসারণের সুযোগ দিয়েছিল। তবে সময়সীমা শেষ হওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিছু সময় চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি অপসারণ করেননি। ফলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এবং অবৈধ দখল রোধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত শাস্তিযোগ্য অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।
জেকে২৪/আরাফাত