মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কটিয়াদীর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা এবং গ্রামীণ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার অণুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সুফল প্রতিটি গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জসীম উদ্দিন মেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অর্জনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সমবায় আন্দোলনকে শক্তিশালী করা, যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে বিআরডিবির বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির প্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।