মো: নুরজামাল শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) রাতে তাকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম দেওয়ান উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে তার বাবা বিভিন্ন সময়ে তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন ধরে বিষয়টি ভয়ে ও সামাজিক সংকোচের কারণে কাউকে জানাতে পারেননি তিনি।

সম্প্রতি অভিযুক্তের এমন কর্মকাণ্ডের কিছু ভিডিও কৌশলে ধারণ করেন ভুক্তভোগী। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করলে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।