রিপোর্টার শাফায়েত হোসেন

রাজধানীর আদাবর এলাকার নবোদয় হাউসিংয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি।

স্থানীয়দের ভাষ্য, ঘরবাড়ি ও রান্নাঘরে পানি ঢুকে পড়ায় সকাল থেকে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না। ছোট ছোট শিশু, নারী ও বয়স্কদের নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেক পরিবারের ঘর থেকে পানি বের না হওয়ায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মাঝে মাঝে এলাকা পরিদর্শন করে ছবি তুলে চলে গেলেও কার্যকর কোনো উদ্যোগ নেননি। তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার দুপুর পর্যন্ত জলাবদ্ধতা অব্যাহত থাকায় অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। এমনকি জুমার নামাজ আদায়ের জন্যও মসজিদে যেতে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানান বাসিন্দারা।
এলাকাবাসী আরও বলেন, তারা প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। অধিকাংশ পরিবারই দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। জলাবদ্ধতার কারণে কর্মস্থলে যেতে না পারায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি সিটি কর্পোরেশন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তারা।

এলাকাবাসীর একটাই দাবি ও দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।