শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন।

পোস্টে তাসরিফ খান লেখেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও মানসিক চাপের পরীক্ষা। এমন পরিস্থিতিতে বৈরী আবহাওয়ার কারণে এক বা দুই দিনের জন্য পরীক্ষা পেছালে বড় কোনো ক্ষতি হতো না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, টানা বৃষ্টির মধ্যে ভিজে এবং রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে শিক্ষার্থীদের। ভেজা শরীরে পরীক্ষা দেওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এসব কষ্ট ও মানসিক চাপ বিবেচনায় নেওয়া উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তাসরিফ খান লেখেন, দেশের পরিবর্তনে তরুণ শিক্ষার্থীরাই সবচেয়ে বড় শক্তি। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে অযথা অন্যভাবে ব্যাখ্যা না করে তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন।

পোস্টের শেষ অংশে তিনি বলেন, ভুল হলে তা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও আবেগকে গুরুত্ব দিয়ে তাদের কল্যাণে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে তিনি অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।