মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
বৈরী আবহাওয়া, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা এবং যাতায়াতের অনুপযোগী রাস্তা—এসব প্রতিকূলতা সত্ত্বেও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, মাঠের জলাবদ্ধতা নিরসন এবং যাতায়াতের রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন আকস্মিকভাবে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী আতকাপাড়া (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি বিদ্যালয়ে যাওয়ার সরু রাস্তা, মাঠে জমে থাকা পানি এবং ভবনের বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকই উপস্থিত রয়েছেন। এছাড়া ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন সেদিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। বিষয়টি এমপিকে সন্তুষ্ট করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমীন জানান, এমপি সম্পূর্ণ পূর্বঘোষণা ছাড়াই বিদ্যালয় পরিদর্শনে আসেন। সকাল থেকে বৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সব শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
এমপি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানছুরুল হক বাবুল, ইউপি সদস্য মো. সুরুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “আমি নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছি। যেখানে অনিয়ম বা উপস্থিতি কম পাচ্ছি, সেখানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছি।
তবে হোসেন্দী আতকাপাড়া (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে ভালো লেগেছে। বৈরী আবহাওয়া ও মাঠে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল।”
তিনি আরও বলেন, বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা দূর করা এবং যাতায়াতের রাস্তা দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।