মো: নুরজামাল শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি. এম. খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী কান্দিতে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে একটি কাঠের পুল নির্মাণ করা হয়েছে। সমাজসেবক রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এ পুলটি উদ্বোধনের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজী কান্দি এলাকার খালের ওপর দীর্ঘদিন ধরে কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খালটি পানিতে পরিপূর্ণ হয়ে গেলে পারাপার আরও কষ্টসাধ্য হয়ে উঠত। স্থানীয়দের বহুদিনের দাবি থাকলেও পুল নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি।
এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সমাজসেবক রাশেদ ছৈয়াল নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হলে এলাকাবাসী স্বস্তির সঙ্গে চলাচল শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই পুলের মাধ্যমে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য বহনকারী কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে। তারা রাশেদ ছৈয়ালের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজে তাঁর অংশগ্রহণ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে রাশেদ ছৈয়াল যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও তিনি ডি. এম. খালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
রাশেদ ছৈয়াল বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। গাজী কান্দির মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে এই কাঠের পুল নির্মাণ করেছি। এটি কোনো দান বা অনুগ্রহ নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধের একটি ছোট প্রয়াস।
তিনি আরও বলেন, “ডি. এম. খালী ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, সাধ্যমতো সেখানে পাশে থাকার চেষ্টা করব। শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”
উল্লেখ্য, আসন্ন ডি. এম. খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের একাংশ রাশেদ ছৈয়ালকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।