নেত্রকোণায় প্রেমের টানে চীনা যুবক, বিয়েতে সাবেক প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেম। সেই সম্পর্কের পরিণতিতে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার।

পারিবারিক সূত্র জানায়, লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. নাজিম উদ্দিন পেশায় একজন আসবাব ব্যবসায়ী। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও তারা দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

এদিকে ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা এবং পেশায় রেস্তোরাঁ ব্যবসায়ী। ভাইয়ের সঙ্গে মিলে নিজ দেশে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করেন তিনি।

জানা গেছে, দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই সম্মতি দেয়। এরপর গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর লিজার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে মোহনগঞ্জে নিয়ে যান। পরে ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে মুসলিম রীতি অনুযায়ী লিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, বিয়ের আগে চীনা দূতাবাস ও বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়-স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি আসনের সংসদ সদস্য লুৎফর জামান বাবরের উপস্থিতে সামাজিক অনুষ্ঠান শেষে বর চীনে ফিরে গিয়ে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবেন। এরপর লিজাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

এদিকে ভিনদেশি বরের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রাসহ দূরদুরান্তের মানুষ চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।