এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে বিশেষ ক্ষমতা আইনের এক পলাতক আসামি, দুইজন জিআর পরোয়ানাভুক্ত আসামি, একটি চুরি মামলার এক পলাতক আসামি এবং মাদকবিরোধী মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে শশীদল ইউনিয়নের মানরা (ফকির বাড়ি) এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের পলাতক আসামি মো. হেদায়েত উল্লাহ (৩২) গ্রেফতার হন। তিনি ওই এলাকার আব্দুল বারিক ফকিরের ছেলে।
অন্যদিকে, এসআই (নিঃ) মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌব্বাস (কাজী বাড়ি) এলাকার চুরি মামলার পলাতক আসামি মো. আলমগীর হোসেন (৩৮) গ্রেফতার হন। তিনি মো. মানিক মিয়ার ছেলে।
একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি দক্ষিণ তেতাভূমি এলাকার মো. আবদুল মোতালেব এবং চান্দলা (ধলগ্রাম) এলাকার মো. আশ্রাফুল (২৫) গ্রেফতার হন।
এছাড়া মাদকের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মো. সোহেল (৩৫) ও নুর মোহাম্মদ (২২) নামে দুই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।