মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাইপাস সড়কে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেল ৬টায় পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিএম শফিউল আলম (আর্জু)। উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (পাকুন্দিয়া) এবং আলহাজ্ব হাজী জাহাঙ্গীর হোসাইনী।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাকুন্দিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা সোলায়মান হোসাইন। তিনি নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশকে সড়ক দুর্ঘটনার মতো মর্মান্তিক বিপর্যয় থেকে হেফাজত করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বরং অসংখ্য পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সম্মিলিতভাবে বিশেষ মোনাজাত করা হয়।