মো: নুরজামাল শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ইউসুফ গোলদার (৬০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মনু মাঝীর কান্দি এলাকার মঙ্গল প্রধানীয়ার মেয়ে মাহিমা (১১) নিখোঁজ ছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করে সন্ধানের জন্য অনুরোধ জানান।

পরে সখিপুর থানা পুলিশের একটি দল তদন্ত ও তল্লাশি চালিয়ে স্থানীয় ইউসুফ গোলদারের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, ইউসুফ গোলদার শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে ফুসলিয়ে বা জোরপূর্বক নিয়ে গিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফ গোলদারকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি ওই এলাকার কালন গোলদারের ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে করা ধর্ষণচেষ্টার অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত হওয়া যাবে।