নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় এমপি ডা. ইকরামুল বারী টিপু রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।