মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে এক ছাত্রী মারাত্মক আহত হয়েছে।
সে উপজেলার ৪৭ নং হাউলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে।
রোববার সকাল ১১টার দিকে স্কুল চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রেনী কক্ষ ক্লাস চলাকালীন ফ্যান চলা অবস্থায় খুলে পড়লে তার নাকের উপর হাতলটি পড়ে। যাতে তার নাক ও মুখ কেটে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানী কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক সেলাই ও চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন বিল্ডিং’এ ফ্যানটি লাগানো। কিভাবে যে ছাড়িয়ে গিয়ে প্রথমে ফ্যানটি টেবিলের উপর পড়ে। সেখানে থেকে ছিটকে পরলে ফ্যানের হাতলটি মেয়েটির নাকে লাগে। আর সে আঘাত প্রাপ্ত হয়। তিনি আরও জানান, তার চিকিৎসা প্রতিষ্ঠান থেকে করা হচ্ছে। সে এখন মোটামুটি সুস্থ আছে।
এদিকে সচেতন মহল বলছে, একটি ছোট শিশুর জন্য এমন দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। বিদ্যালয়ে থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিদ্যালয়ের বাকি ফ্যানসহ সব ধরনের বৈদ্যুতিক ও অবকাঠামোগত সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।