মোঃ নুরজামাল শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সখিপুরের ডি.এম.খালী বাজারের মসজিদসংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে আল-মানহাল ইসলামী একাডেমিতে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি এবং চক্ষু বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে চিকিৎসা পরামর্শ দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রাজ্জাক, শিশু বিষয়ক চিকিৎসক ডা. জি.এম. রাজিব হোসাইন, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. খাদিজা আক্তার সালমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জোবায়ের এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. হাসিন আহমেদ।
আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার আয়োজক জুবায়ের আহমেদ সাদ্দাম বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। অনেক অসচ্ছল মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসাসেবা নিতে আসা মো. আসলাম বলেন, “বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন খুবই উপকারী।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সখিপুরের বিভিন্ন এলাকায়ও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।