মোঃ নুরজামাল শরীয়তপুর জেলা প্রতিনিধি

সদ্য প্রকাশিত এমবিবিএস পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাজনপুর গ্রামের কৃতি সন্তান সুমাইয়া শ্রাবণী।

তিনি সাজনপুর গ্রামের মরহুম ডা. খলিলুর রহমান মৃধার নাতনী এবং বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শাহজালাল মৃধার জ্যেষ্ঠ কন্যা।
শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন সুমাইয়া শ্রাবণী। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শুরু করেন। সম্প্রতি এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি তার শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।

মেয়ের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে তার পিতা অ্যাডভোকেট শাহজালাল মৃধা বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আমার মেয়ে সুমাইয়া শ্রাবণী এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যের পেছনে আল্লাহর রহমতের পাশাপাশি মা-বাবা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া রয়েছে। আমরা চাই, সে শুধু একজন দক্ষ চিকিৎসক নয়, বরং একজন সৎ, মানবিক ও আল্লাহভীরু মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুক এবং মানুষের সেবায় তার জ্ঞান ও মেধাকে কাজে লাগাক। মহান আল্লাহ যেন তাকে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—আমিন।”

সুমাইয়া শ্রাবণী তার এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে ভবিষ্যতে একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে আদর্শ চিকিৎসক হতে চাই। এ লক্ষ্যে সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।”

তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা সুমাইয়া শ্রাবণীর উজ্জ্বল ভবিষ্যৎ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য দোয়া করেছেন।