জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি মুক্তাদির আল সেলিম

জনদুর্ভোগ লাঘব ও মানুষের চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জামিল আহমদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলবাড়ী-ঘিলাতৈল সড়কের সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে জামিল আহমদ নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কটির সংস্কারকাজে এগিয়ে আসেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে মানুষের পাশে দাঁড়ালে স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

স্থানীয়দের প্রত্যাশা, ফুলবাড়ী-ঘিলাতৈল সড়কের সংস্কারকাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।