জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সিলেটের জৈন্তাপুরে নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় টাস্কফোর্সের সমন্বিত অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়গাং এলাকায় নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। অভিযানে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “ইজারা বহির্ভূত স্থান থেকে বালু তুলে পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। প্রাকৃতিক ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।