বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশীবপুর ইউনিয়নে কানকি থেকে স্লুইস গেট বাজারমুখী ইটের সলিং রাস্তার একটি বড় অংশ দেবে গিয়ে তৈরি হয়েছে বিশাল গর্ত। প্রায় এক সপ্তাহ ধরে রাস্তাটির এমন বেহাল দশা হলেও সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, আমেনা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পার হয়ে স্লুইস গেট বাজারে যাওয়ার আগের অংশটিতে এই ধস নেমেছে। স্থানীয়দের ধারণা, রাস্তার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণেই হঠাৎ করে ইটের সলিং ভেঙে মাটি দেবে গিয়ে এ ধরনের বিশাল গর্তের সৃষ্টি হয়। বর্তমানে সড়কটিতে অটো, রিকশা ও মোটরসাইকেল চলাচল একেবারেই বন্ধ। এমনকি ঝুঁকিপূর্ণ এ পথ দিয়ে সাধারণ মানুষের হেঁটে চলাচলেও পোহাতে হচ্ছে মারাত্মক ঝুকি ।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত আমেনা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ মালেক ডিগ্রি কলেজ, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় ও আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করেন। এছাড়া স্লুইস গেট বাজারে কেনাকাটা করতে আসা শত শত মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। রাস্তাটি ধসে পড়ায় দৈনিক যাতায়াতকারী শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
এলাকাবাসীর দাবি—দৈনন্দিন যাতায়াত স্বাভাবিক করতে এবং যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ধসে যাওয়া স্থানটি মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চরম দুর্ভোগে থাকা ঐ এলাকার মানুষ।