মোঃ সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি
জাল সনদের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি মাদরাসার আরবি প্রভাষককে( ৮ জুন)সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আজিজুর রহমান, পিতা- মৃত নমির উদ্দিন। তিনি তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল স্নাতকোত্তর মাদরাসা-এর আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তারাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, জাল সনদের মাধ্যমে চাকরিতে নিয়োগ লাভের অভিযোগে তার বিরুদ্ধে রংপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর সি আর-১৪৯/২৫। ওই মামলার পরোয়ানার ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “রংপুর আদালতে দায়েরকৃত মামলার পরোয়ানার ভিত্তিতে মো. আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এ বিষয়ে ড. আব্দুস সালাম, অধ্যক্ষ, তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল স্নাতকোত্তর মাদরাসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নির্দেশনার আলোকে আমাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়েছে। শুনেছি, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি বিচারাধীন হিসেবে বিবেচিত হবে।