আতাউল্লাহ আরীফী
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন গ্রাম পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন (২৮)। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে আরও একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৩ জুন বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিচান্না এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম হোসেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্য এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোয়াজ্জেমের ওপর হামলা চালায়। হামলায় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন । হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।