মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক তিন মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ৮ জুন রাতে তাদের এ সাজা দেন মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

মঙ্গলবার ৯ জুন সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে শাফল ও গিয়াস উদ্দিনের ছেলে ফারজুল।

জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার চরপলাশ গ্রামের তিন মাদক ব্যবসায়ীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্র-জনতা। পরে রাতেই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান মোবাইল কোর্ট পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।