মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

‎দিনাজপুরের চিরিরবন্দরে মহাসড়কে হেলমেটবিহীন, লাইসেন্সহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালক ও বিভিন্ন মাইক্রোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন।

‎আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ব্যস্ততম ঘুঘুরাতলী মোড়ে এই অভিযান ও বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। ​চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই আইয়ুব আলী এবং ট্রাফিক সার্জেন্ট রুপন। ​

‎অভিযানকালে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে বেশ কয়েকজন চালককে আটক করা হয় এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

‎ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট রুপন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেন এবং মোট ১০,৫০০ টাকা জরিমানা আদায় করেন।

‎​অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং অকাল প্রাণহানি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

‎প্রশাসনের পক্ষ থেকে সকল মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিধান এবং সাথে বৈধ কাগজপত্র রেখে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

‎​একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না—তাই আপনার একটু সচেতনতাই পারে একটি পরিবারকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে।