পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান শামিম (৩০) নামের এক যুবকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনাটি ঘটেছে ১৩ জুন শনিবার সকালে
পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিনমারী গ্রামে।
শামিম ওই গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য শনিবার সকালে শামিম এলাকায় একটি কদম গাছে ওঠেন । এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে ডালে আটকে থাকেন । বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পলাশবাড়ী স্টেশনের সাব অফিসার
লোকমান হাকিমের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।