আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি ‘বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই আসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল নতুন হাট এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।