মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ আরজু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) রাতে জেলা শহরের চরশোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরজু মিয়া জেলা শহরের চরশোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকার আঃ মান্নাফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে চরশোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকার ওই বাড়িটি ঘিরে ফেলা হয় এবং পরে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ঘরের ভেতরে রাখা একটি টিনের ড্রামের ভিতর থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরজু মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।