মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষা পরিবার, চিরিরবন্দর, দিনাজপুর’-এর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: মুঞ্জুরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব গুলশান আরা এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ফিরোজ খান।
শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন দপ্তরি কাম প্রহরী সমিতির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক সাদ্দাম, বাংলাদেশ সহকারী শিক্ষক কমিটির প্রতিনিধি ইমরুন নেহার, সহকারী শিক্ষক মো: রুহুল আমিন, সহকারী শিক্ষক মো: আবু তাহের, প্রধান শিক্ষক ওয়াহিদা বেগম এবং প্রধান শিক্ষক মো: আরিফুল আলম শাহ।
বক্তারা বিদায়ী কর্মকর্তা মোছাঃ মিনারা বেগমের কর্মজীবনের নানাদিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা প্রসারে তাঁর অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বক্তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগম তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।