মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ খোকন চন্দ্র রায় (৩৬) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ১৭:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ০৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামস্থ দুর্গাডাঙ্গা বাজারগামী কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি অভিযানিক টিম ভিয়াইল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী বিশেষ টহল পরিচালনা করছিল।
অভিযানকালে দুর্গাডাঙ্গা বাজারগামী রাস্তার ওপর পলিথিনে মোড়ানো ১ পোটলা (২৫ গ্রাম) গাঁজাসহ খোকন চন্দ্র রায়কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত খোকন চন্দ্র রায় ভিয়াইল পশ্চিম গ্রামের হেমন্ত চন্দ্র রায়ের ছেলে।
ঘটনার পরপরই চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেহা তুজ জোহরা-কে বিষয়টি অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিজ দখলে রাখা ও সেবনের অপরাধে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।