মোঃ শরিফুল ইসলাম শাহ,
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে জোছনা বেগম (৫৮) নামের এক নারীর বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে খন্ডিত স্বর্ণালংকার।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় চুরি হওয়ার ঘটনাটি ঘটে। এর প্রেক্ষিতে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান জাতীয় জরুরি সেবা ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
‎
‎​অভিযানের অংশ হিসেবে চিরিরবন্দর থানাধীন ০৭ নং আউলিযাপুকুর ইউনিয়নের কারেন্টেরহাট বাজারে অবস্থিত “কৃষ্ণ জুয়েলার্স” নামক একটি স্বর্ণের দোকানে তল্লাশি চালানো হয়।
‎
‎উক্ত দোকানের মালিক চন্দন চন্দ্র রায়ের নিকট থেকে চুরি যাওয়া মালামাল হিসেবে ০১ আনা ২৮ পয়েন্ট ওজনের খন্ডিত স্বর্ণের টুকরো উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ২০,০০০ (বিশ হাজার) টাকা।
‎
‎​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
‎১. মোঃ সোহেল রানা (২৫), পিতা- মোঃ আজিজুল ইসলাম, সাং- উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া।
‎২. মোঃ আলমগীর বাদশাহ (২৪), পিতা- মোঃ সাইদুর ওরফে সাইদু কানা, সাং- উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া।
‎৩. চন্দন চন্দ্র রায় (৩৭), পিতা- লোকমোহন চন্দ্র রায় (দোকান মালিক), সাং- ছোটবাউল চেয়ারম্যান পাড়া।(সকলের বাড়ি চিরিরবন্দর উপজেলা, জেলা দিনাজপুর)।

‎​এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানায় ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪১/২৬, জিআর- ২৮৩/২৬, তারিখ: ২৮/০৯/২০২৬ খ্রিঃ)। মামলার তদন্তভার গ্রহণ করেছেন এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান।
‎
‎​চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

‎