মোঃ আরিফ হোসেন রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ ফাইসাল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ,২৮ সেপ্টেম্বর,দুপুর ১২টার দিকে উপজেলার ২ নম্বর কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাইসাল ওই এলাকার কৃষক মোঃ সাহেব আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ফাইসাল সাঁতার জানত না। সাঁতার শেখার উদ্দেশ্যে সে মাঝেমধ্যে বাড়ির পাশের খালে গোসল করতে নামত। সোমবার দুপুরেও সাঁতার শেখা ও গোসল করার জন্য খালে নামার পর পানিতে ডুবে যায় ফয়সাল।

পরে স্থানীয়রা ফাইসালকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাইসালের বাবা মোঃ সাহেব আলী বলেন, “আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। সে অত্যন্ত ভালো ছেলে ছিল। এমন ছেলেকে হারিয়ে আমরা খুবই শোকাহত।

স্থানীয় বাসিন্দা মান্নান বলেন, “ফাইসাল অনেক ভালো একটি ছেলে ছিল। তাকে কোনো কাজের কথা বললে মাঝেমধ্যে না করত। ওর এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

মাত্র ১১ বছর বয়সে ফাইসালের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মণ্ডল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।