আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আগৈলঝাড়া থানা পুলিশ। এ সময় জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) এবং স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদার (২১)কে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়গ্রাম এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানে আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার।