মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক সংরক্ষণের অপরাধে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭:৩০ মিনিটে চিরিরবন্দর থানাধীন ০৯ নম্বর ভিআইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের জনৈক আজিমুদ্দিনের বাঁশঝাড়ের ভেতর থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মোঃ সোলায়মান আলীর ছেলে মোঃ মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর গ্রামের মোঃ কাওছার আলীর ছেলে মোঃ জীবন হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় উক্ত বাঁশঝাড়ের ভেতর টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করে।
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ প্রমাণিত হওয়ায় ১ নম্বর আসামি মোঃ মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ২ নম্বর আসামি মোঃ মান্না ইসলাম ও ৩ নম্বর আসামি মোঃ জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী উপস্থিত ছিলেন। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৩টি কাগজের তৈরি পাইপ এবং ৫টি গ্যাসলাইট জব্দ করা হয়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। চিরিরবন্দরকে মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।