ক্লাবে ফুটবল খেলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে চ্যানেল আই এর ছোটকাকু খ্যাত জনপ্রিয় শিশু শিল্পী আবরার এশাল।

টুর্নামেন্টের একটি ম্যাচে গোল ঠেকাতে গিয়ে তার বাম হাতের হাড় ফেটে (ফ্র্যাকচার) গেছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে সে পূর্ণ বিশ্রামে রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে তার বেশ কিছু নাটকের শুটিং।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় একটি ক্লাবের ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল এশাল। খেলার এক পর্যায়ে প্রতিপক্ষের একটি জোরালো শট গোলকিপার হিসেবে ঠেকাতে যায় সে। তখনই বলের প্রচণ্ড আঘাতে তার বাম হাতে প্রচণ্ড চোট লাগে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে চিকিৎসকরা জানান, তার বাম হাতের হাড় ফেটে গেছে। বর্তমানে তার হাতে প্লাস্টার করা হয়েছে।

হঠাৎ এই দুর্ঘটনার কারণে বেশ বিপাকে পড়েছেন নাট্যপরিচালক ও প্রযোজকরা। চলতি সপ্তাহে এশালের বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের শুটিং শিডিউল দেওয়া ছিল। কিন্তু চিকিৎসকের কড়া নির্দেশনায় আপাতত সব ধরনের শুটিং ও ভারী কাজ থেকে তাকে দূরে থাকতে হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে তার আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে।

ছেলের সুস্থতার জন্য দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এশালের পরিবার। দ্রুত সুস্থ হয়ে আবারও চিরচেনা শুটিং সেটে প্রিয় অভিনয়ে ফিরবে এশাল—এমনটাই প্রত্যাশা সবার।