মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিয়াম সাইতীড়া ইউনিয়নের মোঃ সবুজ ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সিয়ামের বাবা সবুজ ইসলাম ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সে ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জহিমপাড়া গ্রামে নানি বাড়ি থেকে লেখাপড়া ও বড় হচ্ছিল।
শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটের দিকে জহিমপাড়া গ্রামে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে সিয়াম। সাঁতার না জানার কারণে পানির গভীরে তলিয়ে যায় সে। পরবর্তীতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।