মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে দিপ চন্দ্র রায় নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০৪ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার ০৬ নং অমরপুর ইউনিয়নের ক্যালেনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎​নিহত শিশু দিপ চন্দ্র রায় উপজেলার মহলবাড়ী (বড়দিঘী দূর্গাডাঙ্গা) গ্রামের শুভ চন্দ্র রায়ের ছেলে।
‎​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দিপ চন্দ্র রায় প্রায় পাঁচ মাস ধরে তার মা হীরামতির সাথে ক্যালেনপাড়া গ্রামে নানা ভবেশ চন্দ্র রায়ের (৭২) বাড়িতে অবস্থান করছিল।
‎
‎তার মা প্রতিদিনের ন্যায় সকালে দিনাজপুর ইপিজেডে চাকরিতে চলে যান। বেলা আনুমানিক দশ-টা তিরিশের দিকে শিশু দিপ নানাবাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সাথে বাবু নামের এক ব্যক্তির পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সকলের অগোচরে ও অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
‎​পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে ভ্যানযোগে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, ঘটনার পর নিহতের চাচা শ্রী রনি রায় (১৯) থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যুর সংবাদ প্রদান করেন। এ বিষয়ে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৪৮, তারিখ: ০৪/১০/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে।
‎
‎​তিনি আরো জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎
‎শিশুটির এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎