গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহাবুবুল আলম
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (যুবক) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিম পাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন নিয়ন হুদা। বুধবার তিনি বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে তিনি আরও তিনজনের সঙ্গে বাড়ির পাশের ঘাঘট নদীতে গোসল করতে নামেন।
গোসলের একপর্যায়ে অন্য তিনজন নিরাপদে নদীর তীরে উঠে আসতে পারলেও নিয়ন হুদা পানির স্রোতে তলিয়ে যান। পরে তাঁকে নদীতে খোঁজাখুঁজি করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান শুরু করেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে পরিবারের সদস্য ও স্বজনেরা অপেক্ষায় রয়েছেন।