তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে মরদেহ, কাছে পাওয়া গেছে স্যান্ডেলভর্তি ঝুড়ি; মৃত্যুর কারণ জানা যায়নি

স্টাফ রিপোর্টার: মুক্তাদির আল সেলিম

 

সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৌল্লা মরদেহের পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।