মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় মোট ৩৫টি স্কুল ও মাদ্রাসার ৪৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৫ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দীন আহম্মদ মানিক, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা রুহুল আমিন। এ ছাড়াও পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে ২৬ জন শিক্ষকের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পাকুন্দিয়া থানা পুলিশ দায়িত্ব পালন করেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁইয়া। তাঁরা পুরো কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষা পরিচালনার সার্বিক শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন।
ইসলামিক এডুকেশন সোসাইটির পাকুন্দিয়া উপজেলা ইনচার্জ মো. মোজাহিদুল ইসলাম বলেন, দুটি ক্যাটাগরিতে এই বৃত্তি পাবে শিক্ষার্থীরা। এদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৮০ নম্বর বা তদূর্ধ্ব প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ১,৫০০ টাকার বৃত্তি এবং সাধারণ গ্রেডে ৭০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ১,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। এ ছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থের পাশাপাশি সম্মাননাস্বরূপ জাতীয় সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, এ ধরনের মেধাভিত্তিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।