মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি দেশীয় অস্ত্র ও ছয়টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে পাকা সড়কের ওপর পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ৮ থেকে ৯ জনের একটি দল।

তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পোরান পয়লা গ্রামের ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত থানার আমনগড় গ্রামের আবদুল মালেক ওরফে ছালেক (৫০)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।