জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জৈন্তাপুর প্রবাসী গ্রুপ–UAE শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম জাকারিয়া আহমদ সুমনের রেখে যাওয়া এতিম সন্তান ও পরিবারের খোঁজখবর নিতে তাঁর নিজ গ্রাম মুঠগুঞ্জায় পরিদর্শনে যান সংগঠনের নেতৃবৃন্দ।
৩১ মে রবিবার বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মুঠগুঞ্জা গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন গ্রুপের কেন্দ্রীয় কার্য উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন, মাওলানা মুজাম্মিল হেলালী, UAE শাখার বর্তমান সভাপতি জনাব গিয়াস উদ্দিন আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আজম উদ্দিন, বাহরাইন শাখার সাধারণ সম্পাদক জনাব শাহজান আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং এতিম সন্তানদের লেখাপড়া, ভবিষ্যৎ ও কল্যাণের বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করেন। তারা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
বক্তারা বলেন, মরহুম জাকারিয়া আহমদ সুমন প্রবাসে অবস্থানকালে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্ম ও অবদান সংগঠনের সদস্যদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পরিদর্শন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়, যেন তিনি মরহুম জাকারিয়া আহমদ সুমনকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর সন্তানদের সুশিক্ষার আলোকে আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
মন্তব্য করুন