জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই ঘণ্টা পর ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় ডুবুরি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাহিসহ ১২ সদস্যের একটি পর্যটক দল গতকাল রোববার জাফলং ভ্রমণে আসে।
আজ বিকেলে পর্যটক দলের কয়েকজন সদস্য জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় তীব্র স্রোতের টানে রাহি গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সহযাত্রীরা তাকে খুঁজে না পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের ও পুলিশকে খবর দেন।
খবর পাওয়ার পর গোয়াইনঘাট থানা পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকেই রাহির মৃত দেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন:
”জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পর্যটকদের নিরাপত্তায় আমাদের সতর্কতা
সবসময়ই থাকে, তবে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”
বর্তমানে বর্ষা মৌসুম চলায় পাহাড়ি ঢল ও নদীতে প্রবল স্রোত রয়েছে। জাফলংয়ের মতো পাথুরে ও খরস্রোতা নদীতে গোসলের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য স্থানীয় প্রশাসন ও পর্যটন পুলিশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় জাফলং এলাকায় বেড়াতে আসা অন্য পর্যটক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন