ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই।
আজ রবিবার সকালে নগরীর একটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সংশ্লিষ্ট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রুবেল মাসখানেক আগে নগরীর একটি এলাকায় বাসা ভাড়া নেন এবং সেখানে চার বন্ধুকে সাথে নিয়ে থাকতেন, যারা পরস্পরের আপন ভাই। গত শুক্রবার ওই চার ভাইয়ের মা ওই বাসায় আসলে রুবেল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় চার ভাইয়ের কেউই বাসায় ছিলেন না।
পরবর্তীতে গতকাল শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের ওপর হওয়া এই নির্যাতনের ঘটনা জানতে পেরে আজ সকালে চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, গতকাল এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। যতটুকু জানা গেছে, ওই ধর্ষণের শিকার নারীর চার ছেলে ক্ষুব্ধ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করেছে।
আজ দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারী ও তাঁর দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
মন্তব্য করুন