তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মো:মনির খান
ভোলার তজুমদ্দিনে উপজেলা পর্যায়ে গাল গাইড ও স্কাউট সদস্যদের নিয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)তজুমদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুশীলনের সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে গাল গাইড ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের মধ্যে জেন্ডার সমতা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।
দিনব্যাপী প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক সহিংসতা (Gender-Based Violence-GBV), শিশুদের বিরুদ্ধে সহিংসতা (Violence Against Children-VAC), বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশু সুরক্ষা, জেন্ডার সমতা এবং সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি নিজেদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে এসব বিষয়ে সচেতনতা তৈরিতে গাল গাইড ও স্কাউট সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষনে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের সমন্বয়কারী সজীব রহমানের সঞ্চালনায়, সহ-সঞ্চালকের দায়িত্ব পালন করেন, ট্রেনিং ও মনিটরিং অফিসার মারুফা সুলতানা ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুদের প্রতি সহিংসতা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু পরিবার বা প্রশাসন নয়, তরুণ প্রজন্মকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
গাল গাইড ও স্কাউট সদস্যরা নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহপাঠী, পরিবার ও সমাজের মানুষের মধ্যে ইতিবাচক আচরণ ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন