বাকেরগঞ্জ প্রতিনিধি
আজ তরুণ ও সাহসী সাংবাদিক, অন্যায়-অপশক্তির বিরুদ্ধে সোচ্চার কলমযোদ্ধা মো. জিয়াউল হক আকনের শুভ জন্মদিন। জন্মদিনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশে সংবাদমাধ্যমের সংখ্যা বাড়লেও বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা নিয়ে নানা সময়ে প্রশ্ন ওঠে। এমন প্রতিকূল পরিবেশেও সাধারণ মানুষের দুর্ভোগ, বঞ্চনা, অনিয়ম-দুর্নীতি এবং নির্যাতিত মানুষের না-বলা কথা তুলে ধরতে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন সাংবাদিক জিয়াউল হক আকন।
তিনি বর্তমানে দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক ভোরের চেতনা, সরেজমিন ও একুশে সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিজয় টিভি ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় বরিশাল জেলার দায়িত্বেও রয়েছেন।
সাংবাদিকতা জীবনে জিয়াউল হক আকন বিভিন্ন জনদুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। তার প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে উপজেলার অনেক গৃহহীন পরিবার আশ্রয়ের ব্যবস্থা পেয়েছে বলে জানা গেছে। অসহায় ও দরিদ্র মানুষের ঘর নির্মাণ, নির্যাতিত মানুষের আইনি সহায়তা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি ভূমিকা রেখে চলেছেন।
সহকর্মীদের মতে, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলাই সাংবাদিক জিয়াউল হক আকনের সাংবাদিকতার অন্যতম বৈশিষ্ট্য। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার সাহসী অবস্থান এবং অনুসন্ধানী সংবাদ প্রকাশের প্রচেষ্টা তাকে স্থানীয় সাংবাদিকতায় আলাদা পরিচিতি এনে দিয়েছে।
তরুণ এই কলমযোদ্ধার জন্মদিনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও তিনি যেন সত্য, ন্যায় ও সাধারণ মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
মন্তব্য করুন