ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই ‘স্বপ্নের নায়ক’। মাত্র ২৫ বছর বয়সে তার জীবন থেমে গেলেও তিন দশক পরও দর্শকের হৃদয়ে তার জায়গা আগের মতোই অটুট রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সালমান শাহ। তার মৃত্যুর পর প্রায় তিন দশক পেরিয়ে গেছে। এই সময়ে চলচ্চিত্রে অনেক পরিবর্তন এসেছে, নতুন অনেক নায়কও এসেছেন। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তায় যেন কোনো ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে তার প্রতি দর্শকদের ভালোবাসা আরও বেড়েছে।
মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন।
শুধু অভিনয় নয়, সালমান শাহর পোশাক, চুলের ধরন, কথা বলার ভঙ্গি ও ব্যক্তিত্বও সেই সময়ের তরুণদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল। পরে চলচ্চিত্রে নায়ক হতে আসা অনেকেই তাকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তার অভিনীত সিনেমা ও চরিত্রগুলোও এখনো দর্শকদের কাছে সমানভাবে পরিচিত।
মন্তব্য করুন