মোঃ শরিফুল ইসলাম শাহ, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বসতঘর থেকে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ খয়বর আলী (৪৩) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত খয়বর আলী ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে খয়বর আলীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘরের ভেতর থেকে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬,৯০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪ (খ) ধারায় চিরিরবন্দর থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৪, তারিখ: ০৩/১০/২০২৬খ্রিঃ) দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আইয়ুব হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, চিরিরবন্দর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন