মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ক্ষতিগ্রস্ত ২৬৪ জন কৃষক-কৃষাণীর মাঝে নগদ অর্থ ও চাল তুলে দিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব মানবিক সহায়তা ঈদের আগের দিনই পৌঁছে দেন তিনি।
বুধবার ২৭ মে বিকেলে নবনির্মিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রতি কৃষকের মাঝে ১৫ কেজি করে চাল ও নগদ ৩ হাজার টাকা করে তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু মুসা শেখ, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম (ফারুক), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ খান সহ উপকারভোগী কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন