সৈয়দ আখতার সিরাজী
দক্ষিণ আফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসরে খেলতে এসেছে। বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি ৮ দিন। এবারের বিশ্বকাপের আসর বসছে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। বিশ্বকাপ ফুটবলের এবারের আসরটি মাঠে গড়াবে আগামী ১১ জুন। মেক্সিকো সিটির স্মৃতিবিজড়িত স্টেডিয়াম আজটেকায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপ বেশ ঝুঁকিপূর্ণ। এ গ্রুপে আছে চারটি দল– স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সাউথ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র বা চেকিয়া। শক্তি সামর্থ্যে যাদের পার্থক্য সামান্যই। প্রতিটি দলের আলাদা গল্প আছে। মেক্সিকো খেলবে নিজেদের মাঠে। ওদিকে সাউথ কোরিয়ার হয়ে হন হিউঙ মিনের এটাই হয়তো শেষ বিশ্বকাপ। আর চেকিয়া ২০০৬ সালের পরে প্রথমবার বিশ্বকাপে এসেছে। ২০১০ সালে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা সেবারের ওয়াল্ড কাপের শুরুর ম্যাচে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে এ দু’দলের বোধন হয়েছিল বিশ্বকাপে।
মেক্সিকো: কোচ হ্যাভিয়ের আগিরে তৃতীয়বারের মতো মেক্সিকো দলের কোচের দায়িত্ব নিয়েছেন। তিনি দলে নতুন করে প্রাণ সঞ্চার করেছেন রীতিমতো। ২০২৫ সালে কনকাকাফ নেশনস লিগ এবং গোল্ডকাপ জয়ের পর ফুটবল দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। গেল মার্চে মেক্সিকো দলটি পর্তুগাল আর বেলজিয়ামের মতো দলকে রুখে দিয়েছে। সে দুই ম্যাচের মাহাত্ম্য বেড়ে যায়, যখন হিসাব রাখা হয় তাদের মূল খেলোয়াড়দের অনুপস্থিতির বিষয়টি। তাদেরকে ছাড়াই দলটি বেশ ভালো লড়াই করেছে। তবে বিশ্বকাপ বলে কথা। প্রথমার্ধে টিকে থেকে দ্বিতীয়ার্ধে দলের ছন্দ ধরে রাখতে হবে। বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমার্ধ ভালো করলেও দ্বিতীয়ার্ধে দলটি পিছিয়ে পড়েছিল।
এদিকে দক্ষিণ আফ্রিকান কোচ হুগো ব্রুস এবারই কোচ হিসেবে শেষ দায়িত্ব পালন করবেন। ৭৪ বছর বয়সি এ বেলজিয়ান কোচ বাহানা বাফানাদের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের আসরে নিয়ে এসেছেন। ২০১৭ সালে তিনি ক্যামেরুনকে আফ্রিকান নেশনস কাপ জিতিয়েছিলেন। বিদ্যুৎ গতিতে খেলা আফ্রিকান দলকে মোকাবেলা করা মেক্সিকানদের জন্য কঠিন হতে পারে।
একই দিনে সাউথ কোরিয়া ও চেকিয়া দলের লড়াই হবে ভিন্ন মাঠে। সেখানে যে দল হেরে যাবে, তারা বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারে। সেদিক থেকে প্রথম খেলায় মেক্সিকো জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে এক পা এগিয়ে যাবে।
মন্তব্য করুন