মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কৃষকদের মধ্য থেকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অংশগ্রহণকারী নির্বাচন করতে লটারির আয়োজন করা হয়েছে।
বুধবার (১০জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিবন্ধিত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে তাদের উৎপাদিত বোরো ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন। এ বছর ৩৬ টাকা কেজি দরে এক হাজার ২০০মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
লটারি কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে ই আলমসহ খাদ্য বিভাগ, কৃষি বিভাগ এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত কৃষকদের সামনে উন্মুক্তভাবে লটারি অনুষ্ঠিত হয়, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, “সরকারি নীতিমালা অনুসরণ করে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ করা হবে।”
পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, বোরো ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
মন্তব্য করুন