জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিন দিন আগে বিপুল পরিমাণ বালু জব্দের পর এবার অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্টিল নৌকা ও দুটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১০ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
অভিযান চলাকালে উপজেলার ডুলটিরপাড় এলাকার সাবুড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্টিল নৌকা ও দুইটি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিন সহ নৌকাটি পানিতে ডুবিয়ে রাখা সহ স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়।
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্টিল নৌকা এবং দুটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিন জব্দ করে।
তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকালে প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
এদিকে প্রশাসনের এমন অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
মন্তব্য করুন